সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দরগুলোয় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এসব হামলায় বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক দিনে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার নিন্দা জানায়।
হামলাগুলো ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে নয়াদিল্লি বলেছে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে হামলার লক্ষ্যবস্তু করা মৌলিক মানবাধিকার নীতির লঙ্ঘন।
ভারত সরকার এসব হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও পুরোপুরি সুস্থতা কামনা করেছে।
সৌদি আরবের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে নিরাপত্তার চ্যালেঞ্জ বাড়তে থাকার মধ্যে সৌদি আরবের জনগণ ও সরকারের প্রতি ভারতের দৃঢ় সংহতি রয়েছে।


