আগামী স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা প্রয়োজন সরকার তাই করবে। প্রধানমন্ত্রীরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে। নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না।’
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাই করা হবে বলেও জানান তিনি।
বুধবার কুড়িগ্রামে ১ দিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে তা সমাপ্ত হবে। প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন।’
বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরোধী দল যে কোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে। সেটা সঠিক হোক বা বেঠিক। এটা গণতন্ত্রণের সৌন্দর্য। জনগণ বিবেচনা করবে, আমরা কোথায় ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত সচেতন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কিছুটা সংকট কেটে গেছে। সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে হলে আমাদের আরো কিছু সময় দিতে হবে।’


