নিউ গিনি প্রপার্টিজে হামলা: গোলাম মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

নিউ গিনি প্রপার্টিজে হামলা: গোলাম মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর জেহাদ হোসেন গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান বাবুল রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে, আসামিপক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও আইনজীবী আবুল কালাম খান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত গোলাম মহিউদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

শুনানিতে আনোয়ার জাহিদ ভূঁইয়া বলেন, ‘নিউ গিনি প্রপার্টিজ ভূমিদস্যু। তারা চলাচলের রাস্তাও দখল করে নেয়। এটি একটি পরিকল্পিত মামলা। এ মামলায় তাকে চার নম্বর আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, পারভেজ নামের একজনের পকেট থেকে সাত হাজার টাকা নিয়ে গেছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, চিকিৎসক মানুষ। তিনি সাত হাজার টাকা নিয়ে যাবেন—এমন অভিযোগ মিথ্যা। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’

অন্য আইনজীবী আবুল কালাম খান বলেন, ‘তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি মিরপুর সরকারি ডেন্টাল হাসপাতালের ছাত্রদলের জিএস ছিলেন। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে কর্মরত। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।’

এর আগে, একই মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠায় একই আদালত। বুধবার মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ডিবি পুলিশ জানায়, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad