কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন।
বুধবার সন্ধ্যায় হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তিনি পালিয়ে যান। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ধামনখালী এলাকা থেকে স্থানীয়রা অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করে থানা পুলিশকে সোপর্দ করে। এ সময় স্থানীয় জনতার মারধরে তারা আহত হলে পুলিশ তাদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।’
‘দুইজনের মধ্যে একজনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। অপর আসামি ইব্রাহীম পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যায় এক পুলিশ কর্মকর্তা ও দুই পুলিশ সদস্যের হেফাজতে থাকা অবস্থায় তিনি হঠাৎ হাসপাতালের ওয়ার্ড থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান’, যোগ করেন তিনি।
এ ঘটনায় পুলিশের হেফাজত ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহীমকে পাহারায় একজন পুলিশ কর্মকর্তা ও দুই সদস্য দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতিতেই হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পথ ও দায়িত্বে থাকা সদস্যদের তৎপরতা নিয়ে তদন্তের প্রয়োজন দেখা দিয়েছে।
পালিয়ে যাওয়ার পর ইব্রাহীমকে ধরতে উখিয়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো অভিযান পরিচালনা করছে। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি আতিকুর রহমান মজুমদার।


