হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট 

হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট 
হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জের কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

বন্ধ রয়েছে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল। এতে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

হবিগঞ্জ পৌর বাম টার্মিনালে অবস্থানরত যাত্রী আবুল কাশেম বলেন, ‘জরুরী কাজে সিলেট যাওয়ার জন্য এখানে আসি, এসে দেখি বাস চলাচল বন্ধ। এখন কিভাবে যাব বুঝতে পারছি না।’

শায়েস্তাগঞ্জ আটকা পড়া ঢাকাগামী মৌসুমী সুলতানা সুইটি নামে এক যাত্রী বলেন, ‘সকাল ১১ টার দিকে বাসযোগে সিলেট থেকে ঢাকায় ফেরার উদ্দশ্যে রওনা দেই, শায়েস্তাগঞ্জে আসার পর বাসটি আটকে দেয়া হয়। প্রায় দেড় ঘন্টা হল কোন সমাধান নেই।’

আরও পড়ুন

ঢাকা থেকে আসা রফিকুল বলেন, ‘দুপুর ১টার মধ্যে সিলেট যাওয়ার কথা ছিল। কিন্তু শায়েস্তাগঞ্জ এসে আটকাপড়লাম। এখানে দেড়টা বেজে গেছে, এখন কি করবো বুঝতে পারছি না।’

অতিরিক্ত পুলিশ সুপার এস.এম মনসুর মুসা জানান, বিষয়টি প্রশাসন দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তারা মটর মালিক গ্রুপের সঙ্গে সভা আহ্বান করেছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজারগামী বাস আটকে দেওয়া, ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করে আসছেন। গত শনিবার হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাঁধা দেয় মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখেন এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের বাসগুলো যেন নির্বিঘ্নে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচল করতে পারে, সে বিষয়ে সুস্পষ্ট সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad