রাজধানী ঢাকার হাতিরঝিলের বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত সাবেক আহ্বায়ক ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান তেজগাঁও বিভাগের কমিশনার মো. ইবনে মিজান।
তিনি জানান, বাংলামোটর এলাকায় সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে।
এর আগে অভিযুক্ত সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে তাদের চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও জানান, পূর্ব কোন শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জেরে সোহানকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। তিনি পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে।


