নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে। এ সময় গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন রুবেল (৩০) ও মিরাজ (২০)।
শুক্রবার বিকালে শহরের চৌয়ালা মহল্লায় লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি ফুচকা বিক্রি করতেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আবু লাল ও হেলাল নামে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আগে দুই গ্রুপ একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিল। পরে আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। দুই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকালে আবু লাল গ্রুপের সদস্যরা আব্দুল্লাহর বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। ধারাল অস্ত্রের আঘাতে আহত হন আব্দুল্লাহর বড় ভাই রুবেল ও অপর গ্রুপের মিরাজ।
পরে আব্দুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি এ আর এম আল মামুন বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত মিরাজকে আটক করা হয়েছে।


