জুলাই যোদ্ধা ওসমান হাদিকে সবচেয়ে বেশি অপমান করেছে জামায়াত-শিবির ও তার নিজের সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘের সফর শেষে দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতৃত্ব দেন আমান।
‘তারেক রহমানের জন্য, বাংলাদেশ ধন্য’—এই স্লোগানে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির নাম হলের নামকরণ বিষয়ে আমানউল্লাহ বলেন, ‘শহীদ ওসমান হাদি সাহেবের নাম পরিবর্তন নিয়ে তারা (জামায়াত-শিবির) কথা বলছে। আমাদের বক্তব্য হচ্ছে, এই নাম পরিবর্তনের রাজনীতি বিএনপি করে না। আপনি ওসমান হাদিকে ভালোবাসেন, আমাদেরও ওসমান হাদির প্রতি দরদ আছে। সে জুলাইয়ের যোদ্ধা। তার নামে আলাদা একটা হল করা—বুঝতে পারেন। আরেকজনেরটা মুছতে হবে কেন?’
জামায়াত ও সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সমালোচনা করে ছাত্রদল নেতা আমান বলেন, ‘আপনারা যে ইনটেনশনালি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, পর্দার আড়ালে দলটির সঙ্গে আওয়ামী লীগের গোপন রাজনৈতিক সম্পর্ক রয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগের যারা অপরাধী, তাদের বিচার হবে। এ বিষয়ে আমরা সবচেয়ে বেশি সোচ্চার। তোমরা তো সোচ্চার না। তোমরা একই সঙ্গে, একই সময়ে আওয়ামী লীগের বিচারও চাচ্ছ না।’
মিছিল ও সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


