বিমানবন্দরে বিশৃঙ্খলা: আখতারুজ্জামানের একদিনের রিমান্ড

বিমানবন্দরে বিশৃঙ্খলা: আখতারুজ্জামানের একদিনের রিমান্ড
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা সদস্যকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

এর আগে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার অভিযোগ ও রিমান্ড আবেদনের বলা হয়, গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ সংগ্রহ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। ওই দিন জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।

অভিযোগে বলা হয়, বিমানবন্দরে যাত্রীর অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়। এ সময় লাগেজ আসতে বিলম্ব ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন।

আরও পড়ুন

পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়।

এ ছাড়া অন্য যাত্রীদের ট্রলি থেকে জমজমের পানির বোতল ও পাত্র ছুঁড়ে ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে অশোভন আচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রিমান্ড আবেদনে পুলিশ বলেন, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা, হুমকি এবং নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করার ঘটনায় আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ঘটনার পেছনে অন্য কারও ইন্ধন ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট-সংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad