ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কয়েকটি দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে শতাধিক অটোরিকশা চালক সড়কে অবস্থান নেন।
অবরোধে অংশ নেওয়া অটোরিকশা চালক মিল্লাদ মিয়া বলেন, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
আরেক অটোরিকশা চালক সুমন বলেন, ট্রাফিক পুলিশ চালকদের হয়রানি করে এবং অটোরিকশা ডাম্পিং করে। অটোরিকশা আটক করলে পাঁচ হাজার টাকা করে মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা।

অটোরিকশা চালকরা বলেন, যেসব সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ রয়েছে, সেখানে তা চলতে দিতে হবে। চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অবৈধভাবে এই তিন চাকার যান চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোরিকশা চালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
আরও পড়ুন: অটোরিকশার বৈধ নিবন্ধনসহ ৩ দাবিতে বিক্ষোভ


