দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি কমিয়ে আনা কঠিন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভিজিএফ কার্ড-এর আওতায় ১০ কেজির জায়গায় ২০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি কমিয়ে আনা কঠিন হচ্ছে তাই সরকারের খাদ্য সহায়ক কর্মসূচি চলবে।
জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলপিজি ব্যবসায়ীরা বাজার স্বাভাবিক রাখার বিষয়ে আশ্বস্ত করেছেন। সারা পৃথিবীতে জ্বালানি খাতে অস্থিরতা চলছে। তাই এই সময় মোবাইল কোর্ট করে তদারকি চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সেপ্টেম্বরে ৯৮৪ টি অভিযান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‘তবে, সংকটে অভিযান একমাত্র সমাধান নয়। আমরা সরবরাহ ঘাটতি কমাতে চাই। কিছুটা স্বস্তি দিতে চাই,’ যোগ করেন জাহেদ উর রহমান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হাতে সাংবাদিক পেটানোর ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘রাজশাহীর ঘটনা নিন্দনীয়। যেকোনো অপরাধের ব্যবস্থা সরকার নেবে। সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ কোনো অভিযোগ এলে এবং তারা দোষি প্রমাণিত হলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দলের কেউ কিছু করছে না সেটা আমি বলছি না। তবে সরকার কোনোভাবেই তাদের ছাড় দিচ্ছে না।’
চট্টগ্রামের বিভিন্ন বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার রাষ্ট্র ও সরকারের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে। জনগণের বৃহত্তর স্বার্থেই যেকোনো জনকল্যাণকর সিদ্ধান্ত আসবে।


