৯৫ শতাংশ পাস দেখাতে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে: রিজভী

৯৫ শতাংশ পাস দেখাতে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে: রিজভী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শেখ হাসিনা সরকারের আমলে পাসের হার বাড়িয়ে দেখানোর জন্য শিক্ষার মান ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘শিক্ষা খাতকে অতিরিক্ত রাজনীতিকরণ ও অনিয়মের মাধ্যমে চরমভাবে প্যারালাইজ করা হয়েছিল।’

বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক কনভেনশনের সমাপনী পর্বে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শিক্ষা এমন একটি বিষয়, যে একজন শিক্ষাপ্রাপ্ত মানুষ, আলোকপ্রাপ্ত মানুষ নৈতিকভাবে বলীয়ান হয়। কিন্তু শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা না দিয়ে শুধু পাস করানোর চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘নৈতিকতার কোনো বালাই নেই, তাকে পাস করিয়ে দাও। আমাকে দেখাতে হবে ৯০ শতাংশ, ৯৫ শতাংশ মানে পাসের শের হার।’ তার অভিযোগ, এ ধরনের প্রবণতার কারণে দেশের শিক্ষাব্যবস্থা ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হয়েছে।

শিক্ষাব্যবস্থায় প্রশাসনিক চাপের উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, ‘হেডমাস্টারকে ধমক দিয়েছেন শিক্ষা অফিসার। শিক্ষা অফিসারকে ধমক দিয়েছেন ঢাকা থেকে ডিজি সাহেব। আর ডিজি সাহেবকে ধমক দিচ্ছেন মন্ত্রী।’ এভাবে শিক্ষকদের ওপর চাপ তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন

শিক্ষার মান নিশ্চিত করতে গিয়ে শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল ও ইতিহাস শেখানোই শিক্ষা নয়, এর সঙ্গে একজন শিক্ষার্থীর নৈতিক বিকাশও জরুরি।

শিক্ষাব্যবস্থার অতিরিক্ত রাজনীতিকরণের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার আমলে বইয়ের পেছনের পাতায় তার বাবার ছবি এবং সামনের পাতায় তার গুণকীর্তন রাখার মতো রাজনৈতিক চর্চা করা হয়েছে। এ ধরনের রাজনীতিকরণের কারণে ‘কোয়ালিটি এডুকেশন’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, শিক্ষকদের নিজেদের অধিকার ও দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নেও ভূমিকা রাখতে হবে। ‘কোয়ালিটিটিভ এডুকেশন না হলে’ জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে না বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষকদের বিভিন্ন দাবির প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে তাদের অনেক দাবি পূরণ হয়েছে। চাকরি পূর্ণাঙ্গ জাতীয়করণের দাবিও অব্যাহত রাখার কথা বলেন তিনি।

শিক্ষকদের বদলি নিয়ে হয়রানির অভিযোগও তোলেন রিজভী। স্বামী ও স্ত্রীকে দূরবর্তী দুই এলাকায় বদলি করার উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত ‘আমলাতান্ত্রিক উদাসীনতা’ ও অপব্যবস্থাপনার বহিঃপ্রকাশ।

শিক্ষকদের ন্যায্য দাবিগুলো পূরণ হবে বলে আশাবাদ জানিয়ে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে। ‘মায়ের প্রতিশ্রুতি তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন না, এটা আমি বিশ্বাস করি না,’ যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad