আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘সরকারের কাছে তথ্য রয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুর্গোৎসবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে জবাব দিতে হবে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও জমিজমা দখলের ঘটনা ঘটেছে। মন্দিরে হামলার ঘটনাও আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে। অথচ তারা এখন ভারতে বসে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
রাশেদ খান বলেন, ‘দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে হবে।’
ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা শহরের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা একটি বিড়ম্বনা। অটোরিকশার কারণে যানজট বেড়ে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সরকার অটোরিকশা চলাচলে নীতিমালা করতে যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতেও কাজ চলছে।’
তিনি বলেন, ‘কিন্তু জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটি নিয়ে রাজনীতি শুরু করেছেন। জামায়াত অটোরিকশা চালকদের নেপথ্যে থেকে আন্দোলনে ইন্ধন দিচ্ছে।’
এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খান।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।


