পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অনুপ্রবেশের সময় দুই কিশোরসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মঙ্গলবার ভোরে উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহল দল।
এ সময় আরও তিনজন বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যান। পরে আটক চরজনকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায় শারিয়ালজোত ক্যাম্পের বিজিবি।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আটক হওয়া কিশোর ও তরুণরা হলো- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার বড় ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও তার ছোট ছেলে মো. রাহান (১৩) এবং কুমিল্লা জেলার নাসির নগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভিতর দিয়ে সীমান্তের মেইন পিলার ৪৪০ এর ২৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে সাতজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশর চেষ্টা করে।
এ টহল দল টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। পরে চারজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। বাকিরা পালিয়ে যায়। আটকদের দাবি, তারা কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, চারজনকে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘আমরা চারজনকে আটক করতে সক্ষম হই। তিনজন পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তে অবৈধ চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি সদা তৎপর রয়েছে। আমাদের টহল দল ২৪ ঘন্টা সীমান্তে কাজ করে যাচ্ছে।’


