রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে এসআরবি-২।
সোমবার তাকে আটকের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই অমৃতা টাইমসকে বলেন, ‘মিজানুর রহমান স্বপন বর্তমানে আমাদের হেফাজতে আছেন। এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশ ও এসআরবি সংশ্লিষ্টদের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
তারা বলছেন, ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


