গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক মো. আব্দুল বাসেত মিয়াকে দেশের ১০১ জন বিশিষ্ট শিক্ষকের একজন হিসেবে জাতীয় সম্মাননা দেওয়া হয়েছে। শিক্ষা ও কৃষি শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল বাসেতের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। সম্মাননার মধ্যে ছিল ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র।
আব্দুল বাসেত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক এবং কৃষি অনুষদের সাবেক ডিন। দীর্ঘদিন ধরে তিনি পাঠদান, শিক্ষার্থীদের পরামর্শ প্রদান এবং ফসল উদ্ভিদবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক বাসেত এই জাতীয় স্বীকৃতিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার এই অর্জন কৃষি শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সহকর্মীরা।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সম্মাননা বাসেত মিয়ার দীর্ঘদিনের শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।’
বাসেত বলেন, ‘একজন শিক্ষকের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো তার শিক্ষার্থীদের সফল হতে দেখা এবং দেশ ও সমাজে অবদান রাখতে দেখা। রাষ্ট্রের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও অনুপ্রেরণার। আমি কৃষি শিক্ষা ও গবেষণায় আরও অবদান রাখার চেষ্টা করব।’
বাসেত মিয়ার একাডেমিক অবদানের মধ্যে রয়েছে ক্রপ প্ল্যান্ট এমব্রায়োলজি ও রিপ্রোডাকটিভ স্ট্রাকচার, উদ্ভিদের গঠন ও শ্রেণিবিন্যাস এবং ফসলের পুষ্টি বিষয়ে গবেষণা ও প্রকাশনা। তার গবেষণার প্রধান ক্ষেত্র ক্রপ বোটানি ও সংশ্লিষ্ট বিষয়।
এছাড়া তিনি বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তার শিক্ষা, গবেষণা ও নেতৃত্বের এ স্বীকৃতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।


