লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় নাসীরুদ্দীন পাটওয়ারীর পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায়।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহ মাজারের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধার করে। পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে স্থানীয় এনসিপি। তবে নাসীরুদ্দীন পাটওয়ারী এনিয়ে কোনো বক্তব্য দেননি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এনসিপি’র দলীয় সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত সফরে রোববার কুষ্টিয়ায় আসেন। বিকালে তিনি কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যার দিকে ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়া বাড়িতে যান।

মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি লালন মেলা মাঠ ঘুরে মাজারে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। একই সময় মাজারের বাইরে থাকা তার গাড়িতে ইট নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।

হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু সময় মাজার প্রাঙ্গণে অবস্থান করতে বাধ্য হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে বের করে আনে। রাত ৮টার দিকে তিনি কুমারখালী থানায় এজাহার দিতে রওনা হন বলে জানা গেছে।

আরও পড়ুন

এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর কুষ্টিয়া সফরের কথা স্থানীয় এনসিপির নেতাকর্মীদের অনেকেই জানতেন না বলে দলীয় সূত্রে জানা গেছে। কুষ্টিয়ার কয়েকজন এনসিপি নেতা জানান, এটি তার ব্যক্তিগত সফর ছিল। সফরের বিষয়ে স্থানীয় সংগঠনকে আগে থেকে জানানো হয়নি।

হামলার ঘটনায় কাউকে দায়ী করে নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে কোনো বক্তব্য দেননি।

তবে এনসিপি কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আলামিন হোসেন আকাশ এ হামলার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ছাত্রদলের কয়েকজন সরাসরি উপস্থিত থেকে এই হামলার নেতৃত্ব দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন, ছাত্রদল মবের রাজনীতিতে বিশ্বাস করে না। নাসীর উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার বিষয়ে ছাত্রদল কিছু জানে না। তবে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাস, হামলা বা বিশৃঙ্খলার রাজনীতিকে সমর্থন করে না।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আসার বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তিনি ব্যক্তিগত সফরে সেখানে গিয়েছিলেন। কে বা কারা হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে এসেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad