রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন।
গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় রোববার সন্ধ্যায় তাকে শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জামিনের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে জামিনের আদেশ দেয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার সেগুনবাগিচা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় সাতজনে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে একদল ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা গুলি ছোড়ার পাশাপাশি রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে প্রকল্প এলাকায় ঢুকে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস’ স্টুডিওতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন।
মামলার এজাহারে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।


