বরগুনা সদরের উত্তর হেউলিবুনিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে তাইবা নামে ছয় বছরের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তাইবা জহিরুল ইসলাম ও নুপুর দম্পতির মেয়ে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনরা জানায়, তাইবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে বাসার পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাইবার মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


