রাজধানীর কামরাঙ্গীরচরে রাস্তার পাশের পুরাতন দেয়াল ধসে দুই শিশু আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের বাম পা ভেঙে গেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর আলী মোল্লা বাজার স-মিলের গলিতে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিশু হলো আবির হোসেন নিহাল (৫) ও আরিয়ান (১১)।
আহত নিহালের বাবা হারুন মিয়া জানান, সন্ধ্যায় বাসার গলিতে কয়েকজন শিশু খেলছিল। তখন রাস্তার পাশের একটি পুরাতন দেয়াল ধসে তাদের ওপরে পড়ে। ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে বের করে। পরে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তিনি বলেন, ‘সেখানে আরও কয়েকটি শিশু আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটি বলতে পারছি না।’
জানা গেছে, আহত আরিয়ানের বাসাও একই গলিতে। সে একটি মাদ্রাসায় লেখাপড়া করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, কামরাঙ্গীরচর থেকে আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আরিয়ান নামে একজনের অবস্থা গুরুতর। তার বাম পা ভেঙে গেছে।


