ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুবলীগ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়।
দুদকের আবেদনের শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয়।


