গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ
বিস্ফোরিত ককটেলের অংশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হল গেটের লিপুস ক্যান্টিনে বসে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল গাছে লেগে হল গেটের সামনে পড়ে। আরেকটি হল গেটের ভেতরে শিক্ষার্থীদের বসার স্থানের পাশে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হল গেটের নিরাপত্তায় থাকা আনসার সদস্য বলেন, ‘ওরা মূলত ঘোনাপাড়া থেকে আসে। ছাত্ররা হল গেটের পাশে বসা ছিল। তখন দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে আসে। তারা রাস্তার পাশের অন্ধকার জায়গায় থাকায় আমি তাদের ভালোভাবে দেখতে পারিনি। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির একজন দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল গাছে লেগে হল গেটের সামনে পড়ে এবং আরেকটি ছাত্রদের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয়। সেটি হল গেটের ভেতরে ছাত্রদের থেকে কিছুটা দূরে পড়ায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। মোটরসাইকেলটি লালচে-খয়েরি রঙের ছিল। পরে তারা দ্রুত মোটরসাইকেলে যেদিক থেকে এসেছিল, সেদিকেই চলে যায়।’

হামলার প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিদিনের আড্ডার জায়গায় আজকে ককটেল মারল। প্রথমবারের হামলায় কোনো দৃষ্টান্তমূলক কিছু হয়নি বলেই আবার সাহস করল। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি দিনের পর দিনের খালি বাড়ছেই। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’

আরও পড়ুন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, ‘আমরা আগামীকাল ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছিলাম। যেহেতু আগামীকাল স্থানীয় তিনজন সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ে আসবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার ক্যাম্পাসে টহল দেওয়া হচ্ছিল। আমরা এই ঘটনার কথা জানার সাত থেকে আট মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং পুলিশকে খবর দিই।’

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভাতপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আজকের ঘটনার ব্যাপারে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অস্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং সারারাত পুলিশি টহলের ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad