ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১০ জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম সবির সঙ্গে ওই তিন ভাইয়ের জমি নিয়ে পূর্ববিরোধ ছিল।
২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে একটি কাপড়ের দোকানে কথা বলছিলেন সবি। এ সময় তিন ভাইসহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সবির ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমানউল্লাহ বাদল।


