কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার হরিপুর ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব হাটশ হরিপুর এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল হাটশ হরিপুরের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র এবং কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


