লালমনিরহাটের স্ত্রীকে পিটিয়ে হত্যা করার মামলায় স্বামী মো. আতিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী ও এজাহার থেকে জানা যায়, লালমনিরহাট সদর থানার গোকুন্ডা ইউনিয়নের গোকুন্ডা দাড়ারপাড় মুন্সিটারী এলাকার আতিকুল ইসলামের সাথে আনুমানিক দুই বছর আগে বিয়ে হয় মোছা. মিতু আক্তারের। তাদের ৫ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন আতিকুল।
গত ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জেরে আতিকুল মিতুকে ক্ষিপ্ত হয়ে আতিকুল প্রথমে মিতুর মাথায় ও মুখে কিল-ঘুষি মারেন। পরে ঘরের উঠানে থাকা একটি শক্ত প্লাস্টিকের পাইপ দিয়ে মিতুর শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আতিকুল বাড়ি থেকে পালিয়ে যান।
পরদিন ২১ সেপ্টেম্বর সকালে মিতুর শিশু সন্তানের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বিছানায় মিতুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মিতুর বাবা মো. ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আতিকুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরে ২০২৪ সালের ৪ জুলাই আসামির বিরুদ্ধে বিচারিক আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়।


