রাজবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রাজবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মূল গেট। এ ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন জেলা বিএনপির নেতারা।

শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজবাড়ী সদর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১টার দিকে কার্যালয়ের সব কক্ষ ও গেটের তালা পরীক্ষা করে বাড়ি যান কেয়ারটেকার আতর আলী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কার্যালয়ে ফিরে তিনি আগুনের আলামত ও ক্ষয়ক্ষতি দেখতে পান।

আতর আলী বলেন, ‘রাতে তালা লাগিয়ে বাড়ি যাওয়ার সময় সেখানে কেউ ছিল না। সকালে এসে আগুনের বিষয়টি দেখতে পাই। পরে দ্রুত দলীয় নেতাদের জানাই।’

আরও পড়ুন

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা বিএনপির নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য এ নাশকতা চালানো হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, ‘এটা একটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। একাধিক মামলা থাকা সত্ত্বেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাদক সেবন ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িতরাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।’

আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, ‘যাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবিলা করার কোনো সাহস নেই, তারাই চোরাগুপ্ত হামলা চালিয়েছে। রাজবাড়ীর শান্ত রাজনৈতিক পরিবেশ নষ্ট ও উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এই দুর্বৃত্তায়ন করা হয়েছে।’

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্দেশ্যমূলক। পুলিশকে সহযোগিতার পাশাপাশি আমরা দলের পক্ষ থেকেও বিষয়টি নিজেদের মতো করে তদন্ত করব।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন তেল ঢেলে আগুন লাগানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন জেলা বিএনপির নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad