গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
শুক্রবার মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানার গুটিয়া আন্দারুল এলাকায় এ ঘটনা ঘটে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী হৃদয়ের বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিস্কুটের কার্টন পাওয়া যায়। কার্টনটি থেকে ১০টি ককটেল ও ছাত্রলীগ-যুবলীগের মিছিলের দুটি ব্যানার উদ্ধার করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, শুক্রবার রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে একটি প্রাইভেটকারে করে শাহজালাল নামের এক ব্যক্তি ককটেলগুলো ছাত্রলীগ নেতার বাড়ির সামনে রেখে যান। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে এ দাবির বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত একটি বিস্কুটের কার্টনে ১০টি ককটেল ও দুটি মিছিলের ব্যানার উদ্ধার করা হয়েছে। পরে এসআরইউ ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


