নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভিযোগ

নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভিযোগ
ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫ শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকা খরচ করে মরিচ চাষ করা ওই কৃষকের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে। তবে কে বা কারা এ কাজের সঙ্গে জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ক্ষতিগ্রস্থ কৃষক দাবি করেছেন, মরিচ বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ২নং সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি বর্গা নিয়েছিলেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭/১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা কিনতে আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিল। আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিল। ভালো ফলন হলে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মরিচ বিক্রির আশা করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমির সব মরিচগাছ কেটে ফেলেছে। সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন

তিনি বলেন, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা বলেন, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad