সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের দায়ে ৩৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় অধিদপ্তরের ২৩টি টিম একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে এ তদারকি পরিচালনা করে।
অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। তদারকিকালে প্রতিষ্ঠানের মূল্যতালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণ, নিরাপত্তাবিধি প্রতিপালন ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা হয়।
ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও কৃত্রিম মজুত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা ঝোলানোর বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তাদের গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল, মেয়াদ পরীক্ষা ও ক্রয়ের ভাউচার সংগ্রহের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। সিলিন্ডার বিক্রিতে অনিয়ম দেখলে হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
বাজারে শৃঙ্খলার স্বার্থে এই তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।


