নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে
আদালতে সাবেক সিইসি হাবিবুল আউয়াল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট (পুনঃগ্রেপ্তার) দেখানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এ আদেশ দেয়।

তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার নথি ও তদন্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যার ঘটনায় ওই বছরের ২৩ আগস্ট আদাবর থানায় মামলাটি করা হয়। এ মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুন

আবেদনে বলা হয়েছে, কাজী হাবিবুল আউয়াল ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে কাজী হাবিবুল আউয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

এর আগে ২০২৪ সালের জাতীয় নির্বাচনসহ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে ভোট জালিয়াতি ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিইসি। ২০২৫ সালের ২৫ জুন ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলায় তার বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভোট প্রভাবিত করতে মিথ্যা তথ্য দেওয়া ও রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ সময় কারাগারে থাকার পর গত ২১ সেপ্টেম্বর বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় হাইকোর্ট তাকে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন। এ বিষয়ে আপিল বিভাগে আগামী ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad