সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রতন শেখ ওই এলাকার রহিম বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
সকালে ভাতহাড়িয়া পূর্বপাড়ার একটি পুকুরে রতন শেখের মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে তারা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গতকালও তার সঙ্গে হাসি-ঠাট্টা করেছি। অথচ আজ তাকে মৃত হিসেবে দেখতে হচ্ছে। বিষয়টি খুবই কষ্টদায়ক।’


