ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭-এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মো. সজিব গুরুতর আহত হয়েছেন।
রোববার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলমগীর বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার শান্তিবাগ এলাকায়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন র্যাব সদস্যরা। এ সময় ঢাকা মেট্রো-ট-১১-১৯৭৮ নম্বরের একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। চালক সেটি থামান।
এর কিছুক্ষণ পর একই লেনে ঢাকা মেট্রো-ট-১১৬-৯৭৬৮ নম্বরের একটি ট্রাক আসে। চালক চেকপোস্টের সংকেত অমান্য করে দ্রুতগতিতে এগিয়ে যান। ট্রাকটি থেমে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
পরে ট্রাকটি মহাসড়কের বাম পাশ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কার পর ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত হন চালক মো. সজিবও।
র্যাব সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক তার মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করেন।
আহত ট্রাকচালক মো. সজিব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ট্রাকটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


