লোকনাথপুর-পরানপুর সড়কের সোহেল নামে এক ব্যক্তির পোলট্রি ফার্ম সংলগ্ন এলাকায় রাস্তার দুই পাশের ঘন ঝোপঝাড়ের কারণে এক ঝুঁকিপূর্ণ বাঁকে সৃষ্টি হয়েছে মরণফাঁদ। দুপাশের গাড়ি চলাচল দেখতে না পাওয়ায় এখানে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা। রোববার বেলা ১১ টার দিকে একটি মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের এই নির্দিষ্ট অংশে রাস্তার একদম কোল ঘেঁষে ঘন ঝোপঝাড় গজিয়ে উঠেছে। এর ফলে দুই দিক থেকে আসা যানবাহনগুলো একটি আরেকটিকে দেখতে পায় না (ব্লাইন্ড স্পট)। যার কারণে এই এলাকায় দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাত্র পাঁচ দিন আগেও ঠিক একই স্থানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন মারা যান।
রোববারের দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই ঝোপঝাড় কেটে পরিষ্কার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, ‘রাস্তার পাশের এই জঙ্গলগুলো দ্রুত পরিষ্কার করা না হলে প্রতিদিন কোনো না কোনো মায়ের কোল খালি হতেই থাকবে।’ এলাকার সচেতন নাগরিকরা এই বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এবং আর কোনো প্রাণহানি ঘটার আগেই কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের জরুরি দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, থমকে গেছে চাকা


