হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে সাড়ে ৪.৫ কেজি স্বর্ণের বার আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।
রোববার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় আসেন। তিনি মালয়েশিয়ার নাগরিক মি. ইয়াং ডন সিউ (৪৩)।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নামার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। পরে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ দিয়ে বের হওয়ার সময় তাকে থামানো হয়।
গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার শরীরে লুকানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার কাছ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস হাউস জানায়, উদ্ধার করা স্বর্ণের মধ্যে ১ কেজি ওজনের চারটি বার ও ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। স্বর্ণবারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
স্বর্ণবারগুলো কালো কাপড়ের বেল্টে মোড়ানো ছিল। পরে সেগুলো শার্টের নিচে লুকিয়ে বহন করছিলেন ওই যাত্রী। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৮ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। স্বর্ণের পক্ষে ‘কাস্টমস আইন ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট ১৯৪৭’ অনুযায়ী কোনো নথি বা দলিল দেখাতে পারেননি।
আইনি কার্যক্রমের জন্য ‘কাস্টমস আইন ২০২৩’-এর ১৯১ ধারায় স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা চলছে।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।


