ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: মামলায় ৫৫ সাক্ষীর সাক্ষ্য শেষ

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: মামলায় ৫৫ সাক্ষীর সাক্ষ্য শেষ
Advertisement
Advertisement

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমানের জবানবন্দি গ্রহণ করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শেষে আসামিপক্ষের জেরার জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

মামলার এজাহার ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ‘ভিশন ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই টাকা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেখানে সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ করেছে দুদক।

আরও পড়ুন

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

গত ৫ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটির অভিযোগপত্র চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন। এতে মোট ৩৬ জনকে আসামি করা হয় এবং ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক, কর্মকর্তা এবং জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

দুদকের করা মামলায় প্রথমে ৩১ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা যাওয়ায় বিচারিক কার্যক্রম থেকে তাদের বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। পরে তদন্তে পাওয়া আরও সাতজনসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad