রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
রোববার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়। চেম্বার আদালত মহিনের জামিন ছয় মাসের জন্য স্থগিত করেছে। ফলে আসামি আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
এর আগে মহিনের জামিন আবেদনের শুনানি করে ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস এবং বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিন দেয়। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চায় আদালত। তবে ২৮ সেপ্টেম্বর জামিন হলেও ১ অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। এ মামলায় ২১ জনের বিরুদ্ধে গত ১২ জুলাই ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচার শুরু হয়। নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন আসামি মাহমুদুল হাসান মহিন।


