৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার বহাল

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার বহাল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করে সরকারের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়। ফলে ১৯ জুলাই জারি করা প্রজ্ঞাপন আপাতত কার্যকর থাকছে।

আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, ১৯ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর বিরুদ্ধে একটি এজেন্সি হাইকোর্টে রিট করলে আদালত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে। এরপর আরও ১১টি এজেন্সি হাইকোর্টে রিট করে একই ধরনের আদেশ পায়। এসব আদেশের বিরুদ্ধে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করে। রোববার সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে চেম্বার আদালত।

১৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। তবে লাইসেন্স প্রত্যাহার হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে। এ কারণে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

লাইসেন্স প্রত্যাহার হওয়া এজেন্সিগুলো হলো অরবিটালস এন্টারপ্রাইজ, অরবিটাল ইন্টারন্যাশনাল, আহমেদ ইন্টারন্যাশনাল, স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ফাইভ এম ইন্টারন্যাশনাল, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মেসার্স শাহীন ট্রাভেলস, আরভিং এন্টারপ্রাইজ, হৃদয় ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত ইন্টারন্যাশনাল, ৪ সাইট ইন্টারন্যাশনাল, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, দামাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, মানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস, বিএনএস ওভারসিজ লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালট্যান্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জেজি আলফালাহ ম্যানেজমেন্ট, ইমপিরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি আর ওভারসিজ লিমিটেড, এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad