সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশীয় নাগরিক রিমান্ডে

সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশীয় নাগরিক রিমান্ডে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশীয় নাগরিক ইয়াং ডন সেউ (৪৩) কে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

রোববার ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৯৫ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-এমএইচ-০১৯৬-এ কুয়ালালামপুর হতে ঢাকায় আসেন ওই যাত্রী। ওই যাত্রীর কাছেই এই স্বর্ণ ছিল। এক কিলোগ্রাম ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ৯টি স্বর্ণবার ছিল তার কাছে। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তাকে আটক করেছে।

এনবিআর আরও জানায়, আটককৃত স্বর্ণের মোট ওজন সাড়ে ৪ কিলোগ্রাম। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে বিমান হতে নামার পরে সন্দেহভাজন ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর গ্রিন চ্যানেল-১ অতিক্রমকালে ওই যাত্রীকে আলাদা করে তল্লাশি করে স্বর্ণবারগুলো পাওয়া যায়।

আরও পড়ুন

এনবিআর আরও জানায়, স্বর্ণের বারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। এর বিশুদ্ধতার মান ২৪ ক্যারেট, যার মূল্য আনুমানিক আট কোটি টাকা।

এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস প্রিভেন্টিভ মনিরুজ্জামান রোববারই বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাহবুব হোসাইন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এরপর শুনানি শুরু হয়। তবে তার পক্ষে আইনজীবী ছিলেন না। বিচারক তার কাছে জানতে চান, ইংরেজীতে কথা বলতে পারেন কি না। ইয়াং ডন বলেন ‘হ্যাঁ।’

তার পেশা সম্পর্কে বিচারক জানতে চাইলে বলেন, ‘কোনো পেশা নেই। জব খুঁজছেন।’ বিচারক তাকে বলেন, ‘পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেছে। কিছু বলবেন কি না? ইয়াং ডন বলেন,’নো।’

পরে আদালত তার ৬ দিনের রিমান্ডের আদেশ দেয়। পরে তাকে জানানো হয়, তাকে ৬ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তখন ইয়াং ডন, ‘নো, নো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad