পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ২১ হাজার কেজি জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিরা পাওয়া যায়।
কোস্ট গার্ডের দাবি, জিরাগুলো ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল। পরে প্রায় ২১ হাজার কেজি জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা জিরা ও কার্গো বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: সমুদ্রে জলদস্যু ও ডাকাত প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান


