রানওয়েতে জুতার ভেতর স্বর্ণ: দুই বিমানকর্মীর রিমান্ড

রানওয়েতে জুতার ভেতর স্বর্ণ: দুই বিমানকর্মীর রিমান্ড
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় দুই বিমানকর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মানিক মিয়া ও মিজানুর রহমান।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগ থেকে যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।

আরও পড়ুন

এ সময় তাদের পরিহিত জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মোট ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

এ ঘটনায় রোববার বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস রুহানী ইসলাম।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং বিমানবন্দরের ভেতরে স্বর্ণ পাচারের এই চক্রের সঙ্গে কারা সম্পৃক্ত–এসব বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad