পিরোজপুরে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা।
রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে শনিবার রাত ১২টার দিকে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন এক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তী সময়ে কোস্ট গার্ড দল স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
আটক করা বোটে ব্যাপক তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস লেহেঙ্গা উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও ফিশিং বোটটির আনুমানিক মোট মূল্য ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।
অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বোটটি নদীর তীরে ফেলে কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা আলামত এবং ফিশিং বোটটির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


