ডিবি হেফাজতে হত্যা: এসআই হায়াতুলের রিভিউ শুনানি ২৯ নভেম্বর

ডিবি হেফাজতে হত্যা: এসআই হায়াতুলের রিভিউ শুনানি ২৯ নভেম্বর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহীন রেজা রুবেল হত্যা মামলায় সাবেক এসআই হায়াতুল ইসলামের রিভিউ আবেদনের শুনানির দিন আগামী ২৯ নভেম্বর ধার্য করেছে আপিল বিভাগ।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ দিন ধার্য করে।

১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবির এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল রুবেলকে আটক করে। পরে ডিবির হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় ২০০২ সালের ১৭ জুন বিচারিক আদালত তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (এসি) আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই মামলায় মুকুলি বেগম নামে এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০০২ সালে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আপিলের শুনানি শেষে হাইকোর্ট এসি আকরাম, মুকুলি বেগমসহ ১৩ আসামিকে খালাস দেয়। তবে এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত।

আরও পড়ুন

হাইকোর্টের রায়ের পর ২০১১ সালের ৯ মে রাতে কারাগার থেকে মুক্তি পান এসি আকরাম। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন আমিনুল ইসলাম, আমীর আহমেদ তারেক, নুরুল আলম, আবদুল করিম, নুরুজ্জামান, রাতুল পারভেজ, মীর ফারুক, মংশেওয়েন, আবুল কালাম আজাদ, কামরুল হাসান, জাকির হোসেন ও মুকুলি বেগম।

পরে এসি আকরামের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে, নিজের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হায়াতুল ইসলাম ঠাকুরও আপিল করেন। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে ২০১৫ সালের ৩০ আগস্ট আপিল বিভাগ এসি আকরামকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ২৮ মার্চ তৎকালীন ডিবির সহকারী পুলিশ কমিশনার মো. আকরাম হোসেনসহ ১৩ আসামির খালাসের রায় বহাল রাখে আপিল বিভাগ। একই সঙ্গে এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের আপিল খারিজ করে তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে পরে আবেদন করেন হায়াতুল ইসলাম ঠাকুর। সেই আবেদনের শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। ইতোমধ্যে ২০২১ সালের ১৬ জুলাই এসি আকরাম মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad