বিদেশে চিকিৎসাসেবা সহজ করতে চট্টগ্রামে বসছে মেডিকেল সামিট

বিদেশে চিকিৎসাসেবা সহজ করতে চট্টগ্রামে বসছে মেডিকেল সামিট
Advertisement
Advertisement

চিকিৎসা পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট ২০২৬’। আগামী ১৪ নভেম্বর নগরের দ্য পেনিনসুলা হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে নগরের জিইসি মোড়ের দ্য প্যাভিলিয়ন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সামিটের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা।

আয়োজকরা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের উদ্যোগে আয়োজিত এ সামিটে বিভিন্ন দেশের হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। রোগীদের বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগের সুযোগ তৈরি এবং স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংযোগ বাড়ানো সম্মেলনের অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহসভাপতি দাউদ আরমান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। তাদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও তথ্যনির্ভর করতে আন্তর্জাতিক হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের যোগাযোগ তৈরি করা প্রয়োজন। সামিটে এ ধরনের যোগাযোগ তৈরির পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলনে চীন, মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানান আয়োজকেরা। তারা বলেন, রোগী ও তাদের স্বজনেরা অংশগ্রহণকারী হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবা, সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ও চিকিৎসা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।
সামিটে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে বৈঠক, প্যানেল আলোচনা এবং স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ অধিবেশন থাকবে। আন্তর্জাতিক পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির বিষয়েও আলোচনা হবে।

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু বলেন, চট্টগ্রাম থেকে প্রতিবছর অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যান। সামিটে বিদেশি হাসপাতালগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় রোগীরা চিকিৎসাসেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে পারবেন।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ আরও বাড়বে। এতে স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ ও স্বচ্ছ হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad