আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
রোববার সকালে জেলা পুলিশলাইন্সের সিভিক সেন্টারে ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। এতে জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজব বা উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া প্রচার করলে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তাই সন্দেহজনক কোনো তথ্য নজরে এলে তা প্রচার না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্যও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সমস্যা শনাক্ত ও সমাধানের পাশাপাশি শিশুদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় মসজিদের ইমাম ও ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার পাশাপাশি মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের অনুরোধ করা হয়।
সভায় জেলার বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, স্থানীয় পরিস্থিতি, সম্ভাব্য সমস্যা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
যেকোনো ছোটখাটো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে বড় ঘটনায় রূপ না নেয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্যও বলা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।


