কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) ও একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)। এর মধ্যে হেলাল গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে।
বিরোধে জড়িত দুই পক্ষের বিরুদ্ধেই মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে একপক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য শামসু মেম্বারের ভাই তোফাইল এবং অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন মৌলভী গফুরের ছেলে রাসেল।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সিকদার পাড়া ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, হেলালের কোমরের ডানপাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। অপর আহত হারুনের মাথা ও বাম হাতে আঘাত রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গোলাগুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


