পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার এবং ডিএমপির উপ-কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে জিএমপির উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে সিআইডি বিশেষ পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে কেএমপির উপ-কমিশনার করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে এসবি বিশেষ পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশালের উপ-কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে বিএমপির পুলিশ সুপার, এসআরইউ এবং সিএমপির উপকমিশনার কবীর আহম্মেদকে কেএমপির উপ-কমিশনার করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ময়মনসিংহ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কম্যান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে), টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসি, এসআরইউয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ সদরদপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে, এসআরবি (সাবেক র্যাব) পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি, টিডিএসের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আব্দুল হালিমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


