বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাওতারো মার্তিনেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও হুলিয়ান সিমিওনে।

বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। বুরকিনা ফাসোর বেবেল দুম্বিয়ার ফাউলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজের স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক গুইরা রাজাক। ফিরতি বল পেয়ে গোল করতে ভুল করেননি লাওতারো।

৮ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন বুরকিনা ফাসোর মৌমুনি দিয়ালো।

১৩ মিনিটে অভিষেকেই গোল করেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। দারুণ আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড।

আরও পড়ুন

প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে গোল করেন নিকোলাস পাজ। ৩৬ মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে গোল করে গোলখরা কাটান হুলিয়ান আলভারেজ।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, মাতিয়াস সুলে, লিওনেল ফ্লোরেস, টমাস পালাসিওস ও লিওনার্দো বালের্দি। বদলি খেলোয়াড়েরাও ভালো ছন্দে খেলেন।

৫৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। মাতিয়াস সুলের পাস থেকে গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে এটিই মাস্তানতুয়ানোর প্রথম গোল।

ম্যাচের শেষ দিকে কয়েকবার আক্রমণে ওঠে বুরকিনা ফাসো। তবে আর্জেন্টিনার রক্ষণ তা সামলে নেয়। একটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ৭৯ মিনিটে তাঁকে তুলে জেরোনিমো রুইলিকে মাঠে নামানো হয়।

শেষ দিকে আরও একটি গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। সান্তিয়াগো কাস্ত্রোর শট পোস্টে লেগে ফিরে আসে।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সপ্তম গোল করেন হুলিয়ান সিমিওনে। ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে পাওয়া বলে হেড করে গোল করেন তিনি। এতে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad