সিলেটে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

সিলেটে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০
মোগলাবাজার থানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মাজার ও মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রাসেল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর সিলাম ইউনিয়নের চকের বাজার এলাকার হজরত শাহ তৈয়ব ছৈলানির (রহ.) মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত রাসেল আহমদ ওই এলাকার শারুক মিয়ার ছেলে। তার মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হজরত শাহ তৈয়ব ছৈলানির ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে সিলামের শেখপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২২ আগস্ট একই বিরোধকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়িয়েছিল দুই পক্ষ, সে সময় পুলিশসহ ৩০ জন আহত হন।

শুক্রবার জুমার নামাজের পর ফের দুই পক্ষের লোকজন মসজিদে উপস্থিত হলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে রাসেল নিহত হন এবং আরও অন্তত ৩০ জন আহত হন। হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় রাসেলের মৃত্যু হয়েছে। এলাকাটি মোগলাবাজার থানার আওতাধীন হওয়ায় সেখানে মোগলাবাজার থানা-পুলিশ নিয়োজিত রয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ সুরমা থানার পুলিশও সহায়তা করছে।

মোগলাবাজার থানার ওসি মনিরুল ইসলাম জানান, জুমার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াকফ এস্টেট পরিচালনার জন্য গত ২৯ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়াকফ প্রশাসন থেকে ৯ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহসভাপতি এবং ফজলু মিয়াকে মোতাওয়াল্লি করা হয়। এই কমিটি ঘোষণার পর থেকেই এলাকায় বিরোধের সৃষ্টি হয়।

পরবর্তীকালে কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে শাহ আব্দুল মান্নান হাইকোর্টে রিট আবেদন করলে গত ১৬ আগস্ট শুনানির পর হাইকোর্ট নতুন অনুমোদিত কমিটি বহাল রাখেন। তবে সাময়িকভাবে মোতাওয়াল্লি ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে আবেদ রাজাকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আদালত। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad