দেশের উন্নয়নে নিজের ভূমিকা নিয়ে ভাবুন: ডিসি জাহিদ

দেশের উন্নয়নে নিজের ভূমিকা নিয়ে ভাবুন: ডিসি জাহিদ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশ ও সমাজের পরিবর্তন চাইলে অন্যকে দোষারোপ না করে প্রত্যেককে নিজের ভূমিকা ও অবদান নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা, উদ্ভাবন ও ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেন তিনি।

শুক্রবার জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা সবাই চাই দেশটা সুন্দর ও উন্নত হোক। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি, দেশকে উন্নত করার জন্য আমি কী করছি? আমার অবদান কী? দেশ ও সমাজের পরিবর্তনে আপনার অবদান কী, এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই।’

বিশ্ববাজারে টিকে থাকতে ক্রেতার চাহিদা ও ভবিষ্যৎ বাজার নিয়ে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি ক্রেতাকে বুঝতে না পারি, সেই গবেষণা যদি আমাদের না থাকে, তাহলে বাজারে টিকে থাকতে পারব না।’

আরও পড়ুন

তরুণ প্রজন্মের পরিবর্তিত রুচি বিবেচনায় নিয়ে পণ্য ও বাজার পরিকল্পনার পরামর্শ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।’

পরিবর্তনের প্রতি অনীহাকে অগ্রগতির বাধা উল্লেখ করে তিনি বলেন, নতুন কিছু করতে গেলে সমালোচনা ও চ্যালেঞ্জ আসবে। সেই ভয়ে প্রচলিত ধারা আঁকড়ে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

উৎপাদনশীলতা বাড়াতে নতুন ধারণা গ্রহণ ও সৃষ্টিশীলতা বাড়ানোর আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের দীর্ঘ ইতিহাস তুলে ধরে ব্যবসায়ীদের নতুন ধারণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান।

সমাজ পরিবর্তনে শুধু প্রশাসনের দিকে না তাকিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘শুধু বলব, ডিসি সাহেব এটা করেননি, এসপি এটা করেননি, এভাবে সমাজ পরিবর্তন হবে না।’

সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ নাগরিক সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রাকৃতিক সম্ভাবনার যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও উন্নত দেশ রেখে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে এই দেশ ও সমাজের জন্য কাজ করি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad