সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ডাকা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার দুপুরে খুলনার সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত লংমার্চ প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
সভায় লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের নায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে আমাদের আন্দোলন অব্যাহত থামবে।’
আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে সর্বাত্মক ও ইতিহাসের সেরা রূপ দিতে হবে। কাটাখালী থেকে শুরু করে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার প্রতিটি সড়ক জনস্রোতে পরিণত করতে হবে।
সভায় জানানো হয়, ১১ দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু হবে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। ৩১ অক্টোবর সকাল ৭টায় সেখানে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চ খুলনার উদ্দেশে রওনা হবে। কুষ্টিয়ায় হবে সমাপনী সমাবেশ। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।
সভায় লংমার্চ কর্মসূচির সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।


